বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাবিনা বেগম (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী-সন্তানসহ আরো চারজন আহত হয়েছেন।

সোমবার রাত আটটার দিকে পৌরশহরের ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘাতক ট্রাক ও চালক আব্দুল গফুরকে (৪০) আটক করেছে। তিনি পাশের শাজাহানপুর উপজেলার বি-কুষ্টিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানায়, মোছা. সাবিনা বেগম স্বামী ও সন্তানকে নিয়ে শেরপুর শহরে চিকিৎসালয়ে যান। অটোভ্যানে করে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সাবিনা বেগম ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার স্বামী আব্দুল ওয়াহাব (৪০), মেয়ে খাদিজা খাতুন (৭), ছেলে রানা ( ৯) ও ভ্যান চালক আব্দুল জলিল (৩০) আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শেরপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) আবুল কালাম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

এআই