বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে বিশেষ বৈঠকের আমন্ত্রণ পাঠানো হয়েছে। আগামী ১৯ মার্চ এ বৈঠকে যোগ দিতেই ভারত যাচ্ছেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।  
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, পররাষ্ট্র সচিব ভারত সফরে দেশটির পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। তবে এ বৈঠকটি বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় প্রতিবছর দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার নিয়মিত ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) নয়।
ভারতের আমন্ত্রণে এটি একটি বিশেষ বৈঠক বলা যায়। পররাষ্ট্র সচিব সেখানে ৪ দিন অবস্থান করবেন।
পররাষ্ট্র সচিবকে ভারতের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন এক কর্মকর্তা টাইম নিউজকে বলেন, বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠকটি অনির্ধারিত। এটি নিয়মিত কোন বৈঠক নয়। এ বৈঠকে সঙ্গে দু’দেশের মধ্যে অমীমাংসিত বা মীমাংসিত সকল বিষয়ই আলোচনায় আসতে পারে।  
এদিকে, এ বৈঠককে লক্ষ্য করে পররাষ্ট্র মন্ত্রণালয় এরইমধ্যে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়গুলো তথ্য হালনাগাদ করছে। সেসব তথ্য পর্যালোচনা করে পররাষ্ট্র সচিব তার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করবেন।
ভারতের  ক্ষমতাসীন কংগ্রেস সরকারের শেষ সময়ে এ বৈঠকে বাংলাদেশ মূলত প্রতিশ্রুত অমীমাংসিত বিষয়গুলোতে জোর দিচ্ছে।
বিশেষ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২য়বার ক্ষমতায় আসার পর এসব বিষয় আরো গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ কংগ্রেসের এ মেয়াদে তিস্তার পানি বণ্টন চুক্তি, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ ছিটমহল বিনিময়, ভারতীয় ঋণ ও অনুদান, পণ্য রফতানিতে অশুল্কবাধা দূর করে বাণিজ্য ভারসাম্য তৈরি ইত্যাদি বিয়গুলোর সমাধান চায়।
মিয়ানমারের অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এসব বিষয় উল্লেখ করেন বলে জানা যায়। ভারতের পক্ষ থেকে এসব বিষয়ে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
[b]ঢাকা,৬মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]