বরগুনা উপজেলার ইউএনও গাজী তারেক সালমনের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার সকালে মামলার বাদি সৈয়দ ওবায়েদুল্লাহর আবেদনের প্রেক্ষিতে বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অমিত কুমার দে মামলাটি খারিজ করে দেন।

শুনানীতে মামলা প্রত্যাহারের কারণ জানতে চাইলে বাদী ওবায়েদুল্লাহ বলেন, শিশুর আঁকা বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি ছাপানোর বিষয়টি নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তী সময়ে মূল ছবি দেখে ভুলের অবসান হয়েছে। এ কারণে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

গত ৭ই জুন বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের বিকৃত ছবি ছাপানোর অভিযোগে বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে ৫ কোটি টাকার মানহানির মামলা করেন ওবায়েদুল্লাহ।

গত বুধবার ওই মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন তারেক। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

এ ঘটনায় জনপ্রশাসন কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। দুই ঘন্টা পর তারেক সালমনকে জামিন দেয়া হয়। আওয়ামী লীগ নেতা সৈয়দ ওবায়েদুল্লাহকে দল থেকে বহিস্কার করা হয়।

এমবি