নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ৪ যুবক নিহত হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা এবং দু'জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার ভোরে সুবর্ণচর উপজেলার জুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় ও আটককৃতদের নাম পরিচয় পাওয়া গেছে। সে চর আমানুল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে জাকির হোসেন। নিহত নিহত অপর তিন জনের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি পিকআপভ্যান নিয়ে ৬ যুবক উত্তর কচ্ছপিয়া গ্রামে যায়। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে ৪জন নিহত ও দু'জন গুরুতর আহত হয়। এসময় তাদের ব্যবহৃত পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, গত কয়েকদিন থেকে প্রায় ওই এলাকা ও আশপাশে গরু চুরির ঘটনা ঘটায় স্থানীয়রা রাত জেগে পাহারা বসায়।
নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. জহিরুল ইসলাম গণপিটুনীতে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, এরা পিকআপ গাড়ি নিয়ে গরু চুরির উদ্দ্যেশে এই এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে গণপিটুনী দেয় এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন।
তিনি আরো বলেন, এর আগেও এই এলাকায় একাধিক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে এলাকার লোকজন পাহারা দেয়। এরা পিকআপ গাড়ি নিয়ে একটি বাড়িতে পবেশ করলে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে যায় এবং তিনি চিৎকার চেঁচামেচি করলে এরা পিকআপ গাড়িটি পেলে পাশের খালে ঝাঁপ দেয় এতে স্থানীয়রা গণপিটুনী দিলে ঘটনাস্থলে তারা মারা যায়।
সোহেল/এমএনজে





