বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তৌফিকুজ্জামান তনু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই তালতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মু. তৌফিকুজ্জামান তনু দোয়াত-কলম প্রতীক নিয়ে পান চার হাজার ১৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন পান দুই হাজার ৫৮৬ ভোট।
দুএকটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া রোববার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল ১০টার দিকে জাল ভোট দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জাকিরতবক দাখিল মাদ্রাসা কেন্দ্রে মেহেদী হাসান নামে এক যুবককে পাঁচশ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া তালতলী ডিগ্রি কলেজ কেন্দ্রে রুহুল আমীন ও বেলালকে পাঁচশ টাকা জরিমানা অনাদায়ে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





