রাজধানীতে পৃথক দুই স্থানে দুর্বৃত্তের গুলিতে এক যুবলীগ নেতাসহ দুজন আহত হয়েছেন।

খিলগাঁও এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ হন মামুনুর রহমান শুকুর (৩৫) নামের এক যুবলীগ নেতা।

এর আগে মহাখালীতে সোমবার রাত ১১টার দিকে গুলিবিদ্ধ হন মঞ্জু মিয়া (৫০) নামে এক ব্যক্তি।

দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

শুকুরের এলাকার ছোট ভাই সাইফুল ইসলাম জানান, খিলগাঁও থানার দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শুকুর। সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোড়ান মাদানী ঝিলাপাড় এলাকায় বাশার ও কচি ‘পূর্ব শত্রুতার জেরে’শুকুরকে গুলি করেন।

বাম পায়ে এবং কোমরে গুলিবিদ্ধ হয়েছেন শুকুর। তবে কী নিয়ে তার সঙ্গে বাশার-কচির ‘পূর্ব শত্রুতা’তা বলতে পারেননি সাইফুল।

ওদিকে মঞ্জুরের সহকর্মী সজিব জানিয়েছেন, তারা দুজন গুলশান-২ এ অবিস্থত সার্চ গ্রুপের শিপিং কোম্পানির পিয়নের কাজ করেন।

দুজনে গুলশান থেকে পায়ে হেঁটে মহাখালী আসার সময় ফ্লাইওভার ঢালে কে বা কারা গুলি ছোড়ে। এতে বাম বুকে গুলিবিদ্ধ হন মঞ্জু।

সজিব তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনা ঘটে রাত ১১টার সময়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মঞ্জুর অবস্থা আশঙ্কাজনক।

জেডআই