শিক্ষকদের পৃথক বেতন কাঠামো ও পদমর্যাদা সংক্রান্ত সমস্যা শিগগিরই সমাধান করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে শেষে শিক্ষামন্ত্রী এ আশ্বাস দেন।
রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামালসহ কয়েকজন শিক্ষক নেতা ছিলেন।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সব সময়ই শিক্ষদের ব্যাপারে সহনশীল। পৃথক বেতন কাঠামো ও পদমর্যাদা সংক্রান্ত সমস্যা নিরসনে শিক্ষকরা প্রস্তাব দিয়েছেন। সরকারও ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। আশা করি, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান হবে ।
তিনি বলেন, শুধু পৃথক বেতন কাঠামো ও পদমর্যাদা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য নয়, সার্বিক বিষয়ে আলোচনার জন্য আজকের এই বৈঠক।
উল্লেখ্য, মন্ত্রিসভায় অষ্টম বেতন স্কেল অনুমোদন হওয়ার পর বেতনকাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা।
এআর





