তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের শীর্ষ পদে নতুন কর্মকর্তাসহ ১০ অতিরিক্ত সচিব পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ বিষয়ে দুটি আদেশ জারি করা হয়েছে।
বিআরটিসি’র চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। অপরদিকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মিজানুর রহমানকে বিআরটিসির চেয়ারম্যান হিসাবে বদলি করা হয়েছে।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আসাদুজ্জামান বিসিএসআইআর’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী ওয়ারেসীকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য করা হয়েছে।
আলাদা আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবরকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া এনটিআরসিএ’র সদস্য রফিকুল ইসলামকে নৌ মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলামকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন বেগমকে বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল উদ্দিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





