একরাতের বৃষ্টিতেই বরিশাল নগরী ডুবে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে চতুর্থ দিনের মতো বৃহস্পতিবারও একতলা লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
আজ ভোর হওয়ার আগেই মুশলধারে বৃষ্টি শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত কোন বিরতি ছাড়াই বৃষ্টির গতি বাড়তে থাকে। এতে নগরীর প্রাণকেন্দ্র সদর রোড, হাসপাতাল রোড, কালীবাড়ি রোড, ফকির বাড়ি রোড, বগুড়া রোড, চকবাজার, বাজার রোড, কাউনিয়া, আমানতগঞ্জ, রুপাতলী, বটতলা ও আলেকান্দাসহ নগরীর প্রায় সব এলাকার রাস্তায় এক হাটু কোথাও কোথাও বেশি পরিমান পানি জমে যায়। নগরীর সিংহভাগ রাস্তাঘাট ডুবে যাওয়ায় যান-বাহন চলাচল ব্যাহত হয়। নগরীর বিভিন্ন বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ে। ফকির বাড়ি রোড এলাকার কয়েকটি কাঁচা ঘর বাড়িতে পানি জমে যাওয়ায় বাসিন্দারা মালামাল অন্যত্র সরিয়ে নেয়।
বরিশাল আবহাওয়া অফিস বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ২১৫ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে। দুপুর পর্যন্ত গতি কমলেও বৃষ্টিপাত অব্যাহত ছিল। আজ সারাদিনই বৃস্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিআইডব্লিউটিএ চতুর্থ দিনের মতো আজ ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। আবহাওয়া অধিদফতরের দেখানো ২নং নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত রবিবার থেকে এখনো বলবত্ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
জেআই





