পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অধিকার আদায় আন্দোলনের পূরোধা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য, মানবেন্দ্র নারায়ন লারমা ওরফে এমএন লারমার ৩১তম মৃত্যুবার্ষিকী খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে খাগড়াছড়িতে জেএসএস (এমএন) গ্রুপের উদ্যোগে কালো ব্যাজধারণ, শোকর‌্যালি, খাগড়াছড়ি শহরের মহাজনপাড়াস্থ মানবেন্দ্র নারায়ন লারমার স্মৃতি ভাষ্কর্য্যে পুষ্পার্ঘ অর্পণ ও স্মরণ সভার আয়োজন করা হয়।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন) সভাপতি সুধাসিন্দু খীসা চুক্তি বাস্তবায়নসহ জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান।

তিনি বলেন, কোন শাসকগোষ্ঠীই চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়। তিনি পাহাড়ের মানুষের ক্ষমতায়নে পার্বত্য চট্টগ্রামে আলাদা ভোটার তালিকা প্রণয়ন ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবী জানান।

কেন্দ্রীয় মহিলা সমিতির সভাপতি কাকলি খীসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেএসএস কেন্দ্রীয় নেতা বিভূভোষণ চাকমা, রবি শংকর তালুকদার ও মহিলা সমিতির কেন্দ্রীয় সম্পাদিকা মল্লিকা চাকমা। এছাড়া দিবসটি উপলক্ষে দুপুরে শিশুদের চিত্রাকংন প্রতিযোগিতা, সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন ও ফানুস উড়ানোর কর্মসূচী রয়েছে।

১৯৮৩ সালের এই দিনে খাগড়াছড়ি জেলার ভগবান টিলা এলাকায় আভ্যন্তরীন কোন্দলের জের ধরে আট সহযোদ্ধাসহ নিহত হন মানবেন্দ্র নারায়ন লারমা (এমএন লারমা) ওরফে মঞ্জু । সে থেকে প্রতি বছর দিনটি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে।

জেআই