অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালকসহ সাত কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. জসীম উদ্দিন খানের সই করা আদেশ সূত্রে বিষয়টি জানা গেছে। সম্প্রতি জারি হওয়া ওই আদেশে সাত কর্মকর্তাকে অবিলম্বে বদলি করা স্থানে যোগদান করতে বলা হয়েছে।
আদেশে দুদকের যশোর বিভাগের পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) সচিবালয়ের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোনায়েম হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) উপপরিচালক, উপপরিচালক শাহীন আরা মমতাজকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক, উপপরিচালক মো. রফিকুজ্জামানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপপরিচালক, উপপরিচালক সৈয়দ তাহসিনুল হককে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (সিসিসিটি) উপপরিচালক, যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল হুদাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপপরিচালক এবং পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল মাজেদকে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) সচিবালয়ের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে চলতি বছরের মে মাসে এক পরিচালকসহ সাত কর্মকর্তাকে বদলি করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে সুপারিশ পাঠায় দুদক।
জেড





