বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেছেন, ‘কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না। এ হত্যাকাণ্ডের বিষয়ে ওই মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, তা আমরা জানতে চাই।’
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ১৪টি নারী সংগঠন সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে।
তনু হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে আয়োজিত এ মানববন্ধনে নারীনেত্রীরা নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এদিকে একই সময়ে একই দাবিতে নারী মুক্তি কেন্দ্র ও হিউম্যান চ্যারিটি ফাউন্ডেশন ও সারস সাহিত্য সংসদ মানববন্ধন করে।
মানববন্ধনে আয়েশা খানম আরো বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সরকারের পক্ষ থেকে বলা হয়, আজকালের মধ্য অথবা অতি দ্রুত দোষীদের শনাক্ত করা হবে। বছরের পর বছর পার হয়ে গেলেও সরকারের ‘‘আজকাল’’ ও ‘‘অতি দ্রুত’’ শেষ হয় না। একই ঘটনা ঘটছে তনুর ক্ষেত্রে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলে যাচ্ছেন, খুব দ্রুত দোষীকে শনাক্ত করা হবে। কিন্তু দিনের পর দিন পার হলেও দোষীদের শনাক্ত করা যাচ্ছে না। মানুষ কথা শুনতে চান না। তাই সঠিক পদক্ষেপ নিয়ে দোষীদের শাস্তি দেওয়া হোক। তবেই আপনাদের ওপর আস্থা রাখতে পারবে মানুষ।
নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, ‘তনু শুধু একজন নারী বা মেয়ে নয়, সে স্বাধীন দেশের নাগরিক। ভবিষ্যতে তনু দেশের অনেক বড় কিছু হতে পারত। তার মাধ্যমে দেশের সুনাম আরো বিস্তৃত হতে পারত। তাই মেধাবীরা যেন আর এরকম নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হন, তা নিয়ে ভাবতে হবে।’
নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, ‘আজ দেশে নারীরা বৈদেশিক মুদ্রা অর্জনে অগ্রণী ভূমিকা রাখছে। অথচ ওই নারীদেরই শিকার হতে হচ্ছে নৃশংশ হত্যাকাণ্ডের। আমরা জাতি হিসেবে একেবারেই অকৃতজ্ঞ। অনেক সময় কোনো নারী ধর্ষণের শিকার হলে অনেকেই নারীদের পোশাক নিয়ে বিব্রতকর মন্তব্য করেন, যা একেবারেই নিচু মানসিকতার পরিচয় দেয়। তনু যদি রাস্তায় নিরাপদ না হয়, তাহলে আমাদের সবার মেয়েও রাস্তায় নিরাপদ থাকবে এর গ্যারান্টি কোথায়? তাই এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেত্রীরা এক হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।
ওএফ





