মাগুরা সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় ৪ জন আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মীর সুমন ও তার ৩ সহযোগী রনি, তানিন ও তুষার। সম্প্রতি ২১ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়।
সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
ওই নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত বঙ্গ বিল্ডার্সের প্রতিনিধি আশরাফ খান বাদী হয়ে তাদের বিরুদ্ধে রোববার রাতে সদর থানায় চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।
এ মামলা দায়েরের পর সোমবার ভোরে ওই ৪ জনকে আটক করে দুপুর দেড়টায় তাদের মাগুরা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী আশরাফ খান অভিযোগ করেন, ১২ ডিসেম্বর নির্মাণ কাজ স্থলে এসে মীর সুমন ও তার ওই ৩ সহযোগী ৫ লাখ তাটা চাঁদা দাবি করেন। পরদিন সশস্ত্র হুমকির মুখে ৫০ হাজার টাকা আদায় করে। বাকি টাকার জন্য নানাভাবে হুমকি দিতে থাকেন। যার পরিপ্রেক্ষিতে তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে এ মামলা করা হয়েছে।
জানা গেছে, মীর সুমনসহ তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারপিটসহ একাধিক মামলা রয়েছে। তারা শহরে চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত।
সম্প্রতি মহম্মদপুরের একটি বালু মহলের বিরোধ নিয়ে আদালতে ঢুকে জজ আদালতের এক কর্মচারীকে প্রকাশ্যে মারপিট করার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এসএইচ





