‘১৬৩৫৭’ হেল্পলাইন সেবা চালু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।  শ্রম পরিস্থিতি, ঘোষিত মজুরি বাস্তবায়ন এবং যেকোনো পরিস্থিতি এ হেল্পলাইনের মাধ্যমে জানাতে পারবে শ্রমিকরা।

এ সেবার আওতায় কর্মক্ষেত্রে নিয়োজিত শ্রমিক কোনো চার্জ ছাড়াই দিনরাত ২৪ ঘন্টা তাদের অভিযোগ জানাতে পারবেন।

অভিযোগ পেলে সংশ্লিষ্টরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আজ বৃহস্পতিবার  দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এই হেল্প লাইন সেবার উদ্বোধন করেন।

পাঁচ ডিজিটের ‘১৬৩৫৭’ হেল্পলাইন এরই মধ্যেই চালু হয়েছে। হটলাইন উদ্বোধন শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত তৈরি পোশাক শিল্প খাতে সমন্বিত শ্রম-ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান এতে সভাপতিত্ব করেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, সার্বক্ষণিক শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের মাঠ কর্মকর্তাদের সদস্য করে ২৯টি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছি। কমিটির সদস্যরা ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়নে মনিটরিং করবেন।

আর প্রতিনিয়ত শ্রমিকদের সঙ্গে সংযোগ থাকতে টোল ফ্রি হেল্প লাইন চালু থাকবে।

এমআর