কবি আসাদ চৌধুরী বলেছেন, "একাত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু মুক্তি অনেক অনেক দূরে। এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা সাগর-রুনি মিলনায়তন। কিন্তু আজ পর্যন্ত তাদের বিচারের ‘ব’ পর্যন্ত হয়নি।"

শুক্রবার (০১ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি কবিতা গ্রন্থ ও গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কাণ্ডজ্ঞান ও বোধবুদ্ধি হারিয়ে ফেলেছি। মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে।

কবি বলেন, ভাষাকে কেন্দ্র করে আমরা জাতিসত্তাকে আবিষ্কার করার চেষ্টা করেছিলাম। পাকিস্তান অন্যায় আচরণ করেছিলো বলেই আমরা সচেতন হয়েছিলাম। তারা যদি একাত্তরে হঠাৎ করে গণহত্যা না চালাতো, ঘটনা কোন দিকে যেতো বলা মুশকিল।

আসাদ চৌধুরী বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু কিভাবে মারা গেছেন তা সবাই জানেন। এই ধর্ষণ ও খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কতো আয়োজনই না করা হচ্ছে। এখন তনুর পরিবারকে হেনস্তা করা হচ্ছে।

অনুষ্ঠানে কবি ও গীতিকার ইলিয়াস ফারুকীর কবিতাগ্রন্থ ‘আরশি’ এবং কণ্ঠশিল্পী আলম মাহমুদের গানের অডিও সিডির অ্যালবাম ‘জিগীষা’র মোড়ক উন্মোচন করেন কবি আসাদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কবি ইন্দু সাহা, ছড়াকার আলম তালুকদার, পার্থ সারথী চক্রবর্তী, কবি ও গীতিকার মিলন খান প্রমুখ।

 

এমআইএস।