চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহন করা দুটি বাসে ককটেল ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ঘটনাস্থল হাটহাজারী উপজেলার নন্দীরহাটের ছড়ারকূল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া শিবির কর্মীরা হলেন-মো. আখতারুজ্জামান (২২), সাব্বির হাওলাদার (২২), মো. ইউসুফ (২৩), ইমরান আলী (২৫) ও মো. তৌহিদ (২৩)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা দুজনকে আটক করেছি। এ ছাড়া তিনজনকে পাশের মেস থেকে ধরেছি।

শহীদুল্লাহ দাবি করেন, আটক হওয়া পাঁচজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিবিরের কর্মী।

এদিকে, শিক্ষক বাসে হামলার প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করা হয়।

উল্লেখ্য, আজ সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার সময় হাটহাজারীর নন্দীরহাটের ছড়ারকূল এলাকায় দুটি শিক্ষক বাসে হামলা চালানো হয়। এ সময় বাস লক্ষ্য করে ককটেল এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাসের চালকসহ অন্তত ১৪ জন আহত হন। আহত লোকজনের বেশির ভাগই শিক্ষক।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ