রাজধানীর মিরপুরে দুই বাসের মধ্যে গতির খেলায় একটি বাস সড়কে ছিটকে পড়ে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বরের কাছেই এ ঘটনা ঘটে বলে কাফরুল থানার এসআই কৃষ্ণ বিশ্বাস জানান।
তিনি বলেন, মিরপুর ১২ নম্বর থেকে সদরঘাটমুখী ইউনাইটেড পরিবহনের দুটি বাস মিরপুর-১০ নম্বর পেরিয়ে দুই চালক নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়।
“এক পর্যায়ে একটি বাস পেছন থেকে আরেকটিকে ধাক্কা দিলে সড়ক বিভাজকের সঙ্গে প্রচণ্ড জোড়ে সংঘর্ষের পর সামনের বাসটি ছিটকে আড়াআড়িভাবে সড়কের উপরে পড়ে যায়।”
এতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর দিলেও তাদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না জানাতে পারেননি এসআই কৃষ্ণ।
বাস দুটিকে জব্ধ করা হলেও দুই চালকের কাউকে ধরতে পারেনি পুলিশ।
এদিকে সড়কের উপর তেরছাভাবে বাস পড়ে থাকায় ছুটির সকালে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি হয়।
ঢাকার রাস্তায় প্রায়শই চালকরা বেপরোয়া গতিতে নিজেদের মধ্যে প্র্রতিযোগিতায় লিপ্ত হতে দেখা যায়।
রাজধানীতে দুই বাসের পাল্লায় পড়ে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।
গত ৩ জুন ছুটির দিনে ফাঁকা রাস্তায় ‘পাল্লা দিতে গিয়ে’ কারওয়ানবাজারে একটি বাসের ধাক্কায় আরেকটি উল্টে একজন নিহত হন। ওই ঘটনায় বেশ কয়েকজন আহতও হন।
এমআর





