নিরাপদ ও সুষ্ঠু নৌ-পরিবহন নিশ্চিত করতে 'প্রশিক্ষণ ও দক্ষতা নৌপথে আনে নিরাপত্তা' স্লোগান সামনে রেখে উদ্বোধন করা হয়েছে সাত দিনব্যাপী নৌ-নিরাপত্তা সপ্তাহ।
বুধবার (১ জুন) দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে নৌ অধিদপ্তরের উদ্যোগে অষ্টমবারের মতো এ সপ্তাহের উদ্বোধন করা হয়। একইসঙ্গে উদ্বোধন করা হয় নৌ-পরিবহন অধিদপ্তরের নতুন ওয়েবসাইট।
অনুষ্ঠানে বক্তারা নৌ-নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরেন। বক্তারা বলেন, দেশে বর্তমানে ছয় হাজার কিলোমিটার নৌপথ রয়েছে। এ নৌপথে যাতায়াতকারী যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় চলাচল করতে বাধ্য হয়। জাহাজগুলোতে পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট, নৌরুটে পর্যাপ্ত বয়া বাতি, ক্রুদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাসহ নৌ
পরিবহনের আধুনিকায়ন প্রয়োজন।
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে নৌ সপ্তাহের উদ্বোধন করেন।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম. জাকিউর রহমান ভূঁইয়া।
আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এ এস এম আব্দুল বাতেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুবউদ্দিন আহমদ, নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম প্রমুখ।
জুনের প্রথম দিন থেকে ৭ জুন পর্যন্ত নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন নৌবন্দরে ব্যানার ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, অরেজিস্ট্রি নৌযানের বিরুদ্ধে অভিযানসহ নানা কর্মসূচি পালিত হবে।
ওএফ





