কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক জানিয়েছেন, দেশে শুরু থেকে এখন পর্যন্ত করোনা প্রতিরোধী টিকার আওতায় এসেছে ১২ কোটি ৪৭ লাখ মানুষ। কেবল গত ১৩ দিনেই টিকা দেওয়া হয়েছে দুই কোটি ৩২ লাখ মানুষকে।
বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি থেকে দেশে একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত এটির দিকে নজর দেওয়া হয় বিশেষভাবে। এই সময়ে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে দুই কোটি ৩২ লাখ। দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৭ লাখ। সঙ্গে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১০ লাখ মানুষকে।
শামসুল হক বলেন, সেই হিসেবে ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মোট তিন কোটি ৪৯ লাখ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি বিভিন্ন ডোজে।
কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব বলেন, দেশে এখন পর্যন্ত ২৯ কোটি ৬৪ লাখ টিকা পাওয়া গেছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ কোটি ৪৭ লাখ। দ্বিতীয় ডোজ ৮ কোটি ৪৮ লাখ। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩৯ লাখ মানুষকে। এ ছাড়াও ১ কোটি ৬৯ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এমআর





