গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনি গ্রামে জনতার সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত ও বাড়ির মালিকসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। নিহত ডাকাতের নাম সোহেল (২৫) বলে জানা যায়।

শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সোহেলের বাড়ি একই উপজেলার জৈনা বাজার এলাকায়।

বাড়ির মালিকের দুই ছেলে মানিক ও সুব্রতকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসাতপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে একদল ডাকাত ডুমনি গ্রামের ডা. রেবুতি মণ্ডলের বাড়িতে ডাকাতি করতে আসে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে বাড়িটি ঘেরাও করে ফেলে। এসময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্ট‍া করলে জনতা ও ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক ডাকাত নিহত ও বাড়ির মালিক ও ছেলেসহ পাঁচজন আহত হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের সুরতহাল রিপোর্ট তৈরি করছেন।

ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ