৪১ তম স্প্যান বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বাস্তব রূপ পেলো পুরো পদ্মা সেতু। যুক্ত হলো প্রমত্তা পদ্মার দুই পাড়।

৩ বছর ২ মাস ১০ দিনে বা মোট ১১৬৭ দিন পর সেতুর সব স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পুরো পদ্মা সেতু।

আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২টা ২ মিনিটে সেতুর সর্বশেষ এই স্প্যানটি বসে। ‘টু-এফ’ আইডির এই স্প্যান বসানোর পরই যুক্ত হলো মুন্সীগঞ্জ ও শরিয়তপুর জেলা। পদ্মা সেতুর পিয়ার-১২ ও পিয়ার-১৩ নম্বরে শেষ স্প্যানটি বসানো হয়।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম এবং পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো: আব্দুল কাদের এই খবর নিশ্চিত করেছেন।

আব্দুল কাদের জানান, সর্বশেষ স্প্যানটি বসানোর পর সেতুর পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হলো। আর এরই মাধ্যমে যুক্ত হলো মুন্সীগঞ্জ ও শরিয়তপুর জেলা।

এর নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ৭ ডিসেম্বর। পরের বছর ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০১৭ সালের শুরু হয় স্প্যান বসানোর কাজ। এরপর ৩ বছর ২ মাস ১০ দিনে বা মোট ১১৬৭ দিন পর সেতুর সব স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পুরো পদ্মা সেতু।

এমবি