টাঙ্গাইলের ভূঞাপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও তার ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে এলাকায় ছড়িয়ে দেয়ার অভিযোগে মঙ্গলবার রিপন (১৮), কুরবান (২৪) ও রুবেল (২২) নামে তিনজনকে আটকের পর পুলিশে দিয়েছে এলাকাবাসী।
জানা গেছে, কয়েকমাস আগে উপজেলার চর কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের শাহজাহানের ছেলে ঢাকার উত্তরা ইউনিভার্সিটির ছাত্র রিপনের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
রিপন গত শনিবার ওই ছাত্রীকে যমুনা সেতু এলাকার বেলটিয়া নামক স্থানে বেড়াতে নিয়ে যায়। সেখানে নৌকা ভাড়া করে আগে থেকে অপেক্ষায় ছিল রিপনের অন্য সহযোগিরা।
যমুনা দেখানোর কথা বলে মাঝ নদীতে নিয়ে রিপন, আলামিন, নয়নসহ অন্য সহযোগিরা ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য আলামিনের মোবাইল ফোনে ধারণ করা হয়।
পরে ওই দৃশ্য এলাকায় ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে এলাকাবাসী রিপনসহ তার দুই সহযোগী কুরবান ও রুবেলকে আটক করে মঙ্গলবার বিকেলে পুলিশে সোপর্দ করে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবির জানান, ভিকটিমকে থানা হেফাজতে রাখা হয়েছে। অপর অভিযুক্তদের আটকে অভিযান চলছে।
এমকে





