কক্সবাজার সদর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শিশুধর্ষণ মামলার আসামি সেলিম (২২) নিহত হয়েছে বলে জানান র্যাব-৭।
আজ (মঙ্গলবার) ভোর রাতে খুরুশকুল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সেলিম কক্সবাজার শহরের মগচিতাপাড়া এলাকার মোহাম্মদ ইউনুচের ছেলে।
কক্সবাজার র্যাব-৭ এর কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ সেলিম ২৩ আগস্ট বিমান বন্দর গেটের নতুন ফিশারি ঘাট এলাকার ৩ বছরের শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই মামলায় সে একমাত্র আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য র্যাব সদস্যরা অভিযানে নামে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিমসহ ৪-৫ জন সন্ত্রাসী র্যাব’কে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
এমবি





