বেনাপোলের বড় আচড়া সীমান্তে মাদক নিয়ে নিজেদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

আজ বুধবার ভোর ৪ টায় এই ঘটনা ঘটে । নিহতরা হলেন- বেনাপোলের ভবেরবেড় গ্রামের শাজাহানের ছেলে লিটন মিয়া (৪২) ও অঞাতনামা (৪৫) ।

ভোর ৪ টার দিকে পুলিশ লাশ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। নিহত দু জনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বুধবার ভোরে বেনাপোল’র বড় আচড়া সীমান্ত এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি মরদেহ মেলে। হাসপাতালে উপস্থিত ব্যক্তিরা বলছেন, নিহত দুইজনের মাথার খুলি উড়ে গেছে গুলিতে।

ওসি আরও জানান, নিহত লিটন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে ১০ কেজি গাজা ,একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং গুলির খোসা উদ্ধার করেছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তি মারা গেছেন। তবে নিহতদের পরিবারের কোন খোঁজ মেলেনি।

নাসির/জেড