পাবনার ঈশ্বরদীতে বাড়ির আলমারি থেকে দেড় মাস বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বাবা, দাদা, দাদীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শনিবার দুপুর ১২ টা থেকে শিশুটি নিখোঁজ ছিল।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ঈশ্বরদী অরণকোলা এলাকার নিজ বাড়ি থেকে ব্যবসায়ী আশরাফুল ইসলামের শিশুকন্যা আতিকা জান্নাতকে অপরিচিত কেউ চুরি করেছে এমন অভিযোগে খোঁজ শুরু করে পুলিশ। দুপুর থেকে রাত অবধি ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও আতিকার খোঁজ না মেলায় রাতে আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বাড়িতে তল্লাশি চালালে আলমারিতে কাপড়ে জড়ানো অবস্থায় শিশু আতিকার মরদেহের সন্ধান মেলে।

শিশুটির মা নিশি খাতুন জানান, গত ৫ ডিসেম্বর আতিকার জন্ম হয়। শনিবার দুপুরে আতিকাকে ঘরে খাটে শুইয়ে রেখে ছাদে রোদ পোহাতে গিয়েছিলেন তিনি। ঘণ্টাখানেক পর ছাদ থেকে ঘরে এসে দেখেন আতিকা নেই। এ সময় বাড়ির চারপাশ ও পাশের বাড়িতে খোঁজ নেওয়া হয়। দুপুর থেকে অনেক খোঁজ করেও আতিকার সন্ধান না পাওয়ায় ঈশ্বরদী থানার পুলিশকে বিষয়টি জানানো হয়।

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু আতিকাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কথাবার্তা অসংলগ্ন হওয়ায় শিশুটির বাবা ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আমরা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি দ্রুততম সময়ে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।