নরসিংদীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতাল ঘেরাও করেছে রোগীর স্বজন ও এলাকাবাসী।
রোববার সকাল ১০টার দিকে নরসিংদীর ভেলানগর সুপ্রিম জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত হাসপাতাল অবরুদ্ধ করে রাখে রোগীর স্বজন ও এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কোন কর্তৃপক্ষকে সেখানে পাওয়া যায়নি।
নবজাতকের পিতা বিশ্বজিৎ চন্দ্র দাস অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রীকে হাসপাতালে আনার পর গত মঙ্গলবার অস্ত্রোপচার করা হয়। এতে আমার ছেলে সন্তান জন্মগ্রহণ করে। আমার ছেলে সম্পূর্ন ভালো ছিল। রোববার সকালে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার কথাও ছিল। হাসপাতালের ম্যানেজার উজ্জ্বল আমার কাছে দুই শত টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ায় আমার ছেলেকে ভুল পদ্ধতিতে ইনজেকশন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই আমার ছেলের মৃত্যু হয়।
এ ঘটনায় উজ্জ্বল ও হাসপাতালের এক ওয়ার্ড বয়কে আটক করেছে পুলিশ। নরসিংদী সদর মডেল থানার এএসআই বিল্লাল হোসেন বলেন, ‘নবজাতকের মৃত্যু হয়েছে। কিন্তু কি কারণে এ মৃত্যুর ঘটনা তা আমরা খতিয়ে দেখছি। ইতিমধ্যেই এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
জেএ





