বরগুনার পাথরঘাটায় ৩৮টি হরিণের চামড়াসহ দুই জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রাম থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা এসব চামড়া উদ্ধার করে।

আটক শাহিন মধ্য কালমেঘা গ্রামের ও উজ্জল পিরোজপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব-৮ এর ক্যাম্প অধিনায়ক এএসপি আসাদুজ্জামান জানান, গোপনে বস্তায় ভরে কিছু হরিণের চামড়া বিক্রির উদ্দেশে কালমেঘা থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মধ্য কালমেঘা গ্রামের সোনালী মাদ্রাসা সংলগ্ন রাস্তায় ওৎ পেতে থাকে র‌্যাব সদস্যরা।

হরিণের চামড়া নিয়ে যাওয়ার সময় ওই স্থানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শাহিন ও উজ্জল দৌড় দিলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটকদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানান এএসপি।

এমকে