‘ব্র্যাক’র প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল রোববার সারাদেশে ব্র্যাকের সব অফিস বন্ধ থাকবে।
শনিবার (২১ ডিসেম্বর) ব্র্যাক থেকে এই তথ্য জানানো হয়েছে।
ব্র্যাক জানায়, স্যার ফজলে হাসান আবেদকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে রাখা হবে।
জানাজা দুপুর সাড়ে ১২টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।
স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।
উল্লেখ্য, ফজলে হাসান আবেদের জন্ম ১৯৩৬ সালে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বেসরকারি সংস্থা ব্র্যাক প্রতিষ্ঠা করেন। তখন তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। ২০০১ সাল পর্যন্ত তিনি সংস্থাটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ওই সময় তার বয়স ৬৫ হয়ে গেলে তিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব ছেড়ে দেন। এরপর ব্র্যাকের চেয়ারপারসন হিসেবে কর্মরত ছিলেন আরও ১৮ বছর। কয়েক মাস আগে তিনি সে পদটিও ছেড়ে দিয়ে অবসরে যান এই গুণী ব্যক্তি।
এমবি





