রাজধানীর মিরপুরের দারুস সালাম রোডে ১৮ ঘণ্টা ঘিরে রাখা একটি বাড়িতে থাকা সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান।

মুফতি মাহমুদ খান বলেন, আমাদের অগ্রাধিকার ছিল ভবনের অন্য বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া। আমরা সারা দিনে তাদের সরিয়ে আনতে সক্ষম হয়েছি। এরপর আমরা বিভিন্নভাবে তার (আবদুল্লাহ) সঙ্গে যোগাযোগ করেছি। প্রথমে সে আমাদের কাছে সময় প্রার্থনা করে। আমরা তাকে সময় দিয়েছি।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, 'এরপর আমরা তার আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেছি। একটু আগে সে আত্মসমর্পণ করতে রাজি হয়েছে। বলেছে, প্রথমে তার স্ত্রী ও দুই সন্তান বারান্দায় আসবে। তার কথা অনুযায়ী তারা বারান্দায় এসেছিল। আমরা তাদের সঙ্গে ইশারায় যোগাযোগ করেছি। এরপর সে জানায়, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নিজে আত্মসমর্পণ করবে।'

এমএ