রাজধানীর মোহাম্মদপুর থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার, একটি ম্যাগজিন ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরে আরিফ (৩০) ও সুমন (২৮) নামের ওই দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
দুপুর দেড়টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে তাদের হাজির করানো হয়। এরপর তাদের আদালতে পাঠানো হয়।
ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান জানান, মোহাম্মদপুরে অস্ত্র ব্যবসায়ীদের একটি গ্রুপ দীর্ঘ দিন ধরে অস্ত্র বিক্রি ও ভাড়া দেওয়ার কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের দোকানে রাখা ব্যাগ থেকে দুইটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার, একটি ম্যাগজিন ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরওজানান, এই অস্ত্র ও গুলি দিয়ে যখন-তখন মানুষকে গুলি করা যাবে। আর এরাই যখন সময় পায় তখনি ছিনতাই ও ডাকাতির কাজ করে। তাদের আদালতে পাঠানোর কথা বলেন মাসুদুর রহমান। এদের রিমান্ডে নিলে আরো বেশ কিছু তথ্য বের হয়ে আসবে বলে দাবি করেন তিনি।
এদিকে আটককৃত আরিফ ও সুমনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দুজনই ব্যবসা করেন। আরিফ গার্মেন্টস ব্যবসা করেন বছিলা এলাকায়। আর সুমন শঙ্কর এলাকায় মুদির দোকানে কাজ করেন। আরিফ তার এলাকার এক বড়ভাইয়ের একটি ব্যাগ সুমনের দোকানে রাখে। ব্যাগে কি ছিলো তা জানতো না সে।
ব্যাগ রাখলেন কেন জানতে চাইলে সুমন জানান, বন্ধু হয় তাই তার ব্যাগটা রেখেছি। ব্যাগে কি আছে জানলে তো ওই ব্যাগ রাখতাম না।
তবে মোহাম্মদপুর থানা পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, এরা সবাই অস্ত্র ব্যবসায়ী। সুমনের দোকান থেকেই ওই অস্ত্র বিক্রি হতো। আবার মাঝে মাঝে ওই অস্ত্র ভাড়াও দিতো সে।
কেএইচ





