চট্টগ্রামে অপহৃত এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে পাঁচ অপহরণকারীকে আটক হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের আস্তানা থেকে অপহৃত জানে আলমকে (২২) উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত বলেন, চাকুরি দেয়ার লোভ দেখিয়ে জানে আলমকে অপহরণ করেছিল। তার পরিবারের কাছ থেকে অভিযোগ পাবার পর আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করেছি।

পুলিশ সূত্রে ‍জানা গেছে, জানে আলমের বাড়ি হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায়।

গত বুধবার সন্ধ্যায় সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকা থেকে জানে আলম অপহরণের শিকার হয়। পরে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

বৃহস্পতিবার বিকালে জানে আলমের মামা নগর গোয়েন্দা পুলিশের কাছে এসে এ ব্যাপারে অভিযোগ করেন। পুলিশ শনিবার (৩০ মে) রাতে তিনজনকে আটক করেন। তাদের দেয়া তথ্যমতে রোববার আরও দু’জনকে আটক করে অপহৃতকে উদ্ধার করেন।

এডিসি (ডিবি) এস এম তানভির আরাফাত বলেন, অপহরণকারীরা একটি সংঘবদ্ধ চক্র। তারা চাকুরি দেয়ার কথা বলে তরুণদের এনে আকবর শাহ থানার বিশ্বকলোনিসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় আটকে রাখে। মুক্তিপণ আদায় করে পরে ছেড়ে দেয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এমকে