মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর বাজার ও গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে পৃথক দুর্ঘটনায় কামাল উদ্দীন (৬৮) ও আঞ্জিরা খাতুন (৪৮) নামের দুই পথচারী নিহত হয়েছেন।

সোমবার বিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। ট্রাক দু'টি আটক করেছে পুলিশ।

নিহত আঞ্জিরা খাতুন গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মজু মিয়ার স্ত্রী এবং নিহত কামালউদ্দীনের বাড়ি মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে।

প্রত্যক্ষদর্শী গাংনী বাসস্ট্যান্ড এলাকার চা বিক্রেতা কামরুল ইসলাম জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-৪৪৭৮) দ্রুত বেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইসাইকেল ও একটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমনকে ধাক্কা দেয়। নছিমনের কাছেই দাঁড়িয়ে ছিলেন আঞ্জিরা খাতুন। ঘাতক ট্রাকটি নছিমনটিকে ধাক্কা দিয়ে আঞ্জিরা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে বলে জানান গাংনী থানার অফিসার ইন চার্জ (ওসি) আকরাম হোসেন।

এদিকে একই সময়ে মেহেরপুর-কাথুলী সড়কের সদর উপজেলার কুলবাড়ীয়া বাজারে শৈলমারী গ্রামের পথচারি কামাল উদ্দীনকে একটি দ্রুত গতির ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৬৫০০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে।

সদর থানা অফিসার ইন চার্জ (ওসি) আহসান হাবীব জানান, ট্রাক ও মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

কেএইচ