সুন্দরবনে ছেলের সামনে বাবা জাহাঙ্গীর শেখ (৪০) কে কুমিরে টেনে নিয়ে গেছে। সুন্দরবনের শেলা নদীর বাইজুড়া খালে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর মংলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের আবুল হোসেনের ছেলে।
জাহাঙ্গীরের ছেলে জাহিদুল শেখ জানান, তাকে নৌকায় রেখে তার বাবা জাল তুলতে খালের পানিতে নামেন। হঠাৎ একটি কুমির এসে তার বাবাকে টেনে নিয়ে যায়। সকাল ৯টার দিকে এলাকায় ফিরে এসে বনবিভাগ ও এলাকাবাসীকে খবর দেন তিনি। কিন্তু এখনও তার বাবার খোঁজ মেলেনি।
চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আলমগীর পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বনবিভাগের নিয়ম মেনেই জাহাঙ্গীর মাছ ধরতে যায়। সে বেঁচে আছে না মারা গেছে বলা যাচ্ছে না। তার খোঁজ করা হচ্ছে।’
চিলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল বলেন, ‘জাহাঙ্গীর সুন্দরবনে মাছ ধরে বিক্রি করে সংসার চালায়। সেই পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি।’
কুমির বিশেষজ্ঞ ও সুন্দরবনের করমজল স্টেশন কর্মকর্তা আ. রব জানান, সুন্দরবনের শেলা নদীর বাইজুড়া খালে কুমিরের উৎপাত বেশি থাকে। তিনি আরও বলেন, ‘জাহাঙ্গীরসহ এ পর্যন্ত ৩ জেলেকে এ এলাকা থেকে কুমিরে নিয়ে গেছে।’
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





