সদর উপজেলার তরা ব্রিজের কাছে বাসের চাপায় খেদু মিয়া (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খেদু মিয়ার বাড়ি জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের উত্তর খল্লী গ্রামে।
খেদু মিয়ার প্রতিবেশী ফারুক হোসেন জানান, সকালে তরা মাছের আড়ৎ থেকে মাছ কিনে ধামরাইয়ের বারবাড়িয়া বাজারে যাওয়ার পথে ওই মহাসড়ক পার হচ্ছিলেন খেদু মিয়া। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর তার সঙ্গীরা মৃতদেহ উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।
গোলড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ





