আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে উপ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন।

পুনঃতফসিল অনুযায়ী ২৮ অক্টোবরের পরিবর্তে ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপ নির্বাচনের ভোটের দিন রাখা হয়েছে বলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ১৩ অক্টোবর হবে যাচাই-বাছাই; ২১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে।

হজ মৌসুম সামনে রেখে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার জন্য তফসিলে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ নিজেও এবার সস্ত্রীক হজে গেছেন। বৃহস্পতিবার তার অনুপস্থিতিতেই পুনঃতফসিল ঘোষণা করা হয়।

এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পুনঃতফসিলের প্রজ্ঞাপন টাঙ্গাইলেও জানানো হয়েছে।

গত মঙ্গলবার সিইসি এ উপনির্বাচনের যে তফসিল ঘোষণা করেছিলেন, তাতে ২৮ অক্টোবর ভোটের দিন রাখা হয়েছিল।

টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লতিফ। হজ নিয়ে মন্তব্যের কারণে বিতর্কের মধ্যে গতবছর তাকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয়।

এরপরও তার সাংসদ পদে থাকা নিয়ে প্রশ্ন উঠলে গত ১ সেপ্টেম্বর সংসদে আবেগময় এক বক্তৃতা দিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন সাবেক মন্ত্রী লতিফ। এর দুই দিনের মাথায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওই পদত্যাগপত্র গ্রহণ করে আসনটি শূন্য ঘোষণা করেন।

জেআই