ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া এলাকায় বাল্যবিবাহের প্রস্তুতি কালে ৪ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১২টার দিকে এ সাজা প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, বর মো. সবুজ (২৪), বরের নানা আ. করিম (৫০), কাজী মো. মোশারেফ হোসেন (৪৮) ও হুজুর মো. এমরান (৪০)।

স্থানীয়রা জানান, উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের হাফেজ মুন্সীর সিঙ্গাপুর প্রবাসি ছেলে মো. সবুজের সঙ্গে একই উপজেলার মোছাদেক হোসেনের মেয়ে মানিকার হাট দাখিল মাদাসার দশম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তারের (১৪) সঙ্গে শুক্রবার রাতে ফুর কাচিয়া গ্রামের আবদুল ওয়াহাব মিয়ার বাড়ির মসজিদে বাল্যবিবাহ হচ্ছিল। এমন সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের আটক করে।

বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. কুদ্দুছ জানান, বাল্যবিবাহ পড়ানোর অপরাধে কাজী মো. মোশারেফ হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, বিয়ে পড়ানো হুজুর মো. এমরানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, বর মো. সবুজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বরের নানা আ. করিমকে ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


এমএনজে