রংপুরের মিঠাপুকুর উপজেলায় অস্ত্রসহ ছয় কিশোর ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট নামক স্থানে ওষুধ কোম্পানির বিপণন কর্মকর্তা রবিউল ইসলামকে কুপিয়ে আহত করে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়।

এ সময় উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তলসহ দেশীয় অস্ত্র। এছাড়া ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, ইবনে সিনা ওষুধ কোম্পানির বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে রংপুর আসার পথে জায়গীরহাটে ছয় কিশোর অস্ত্রের মুখে তাকে আটকিয়ে মাথায় কুপিয়ে মোটরসাইকেলটি ছিনতাই করে। এ সময় তার চিৎকারে পথচারী ও টহলরত পুলিশের সহায়তায় ছয় কিশোর ছিনতাইকারীকে আটক করা হয়। এরা হলো, দুলাল চন্দ্র, সোহাগ ইসলাম, সুজন ওরফে ইউসুফ, মোমিনুল ইসলাম মামুন, ফারুখ ও বিপ্লব কুমার। এদের সবার বাড়ি মিঠাপুকুর উপজেলার বিভিন্ন গ্রামে। ছিনতাইকারীরা সবাই স্কুল ও মাদ্রাসা ছাত্র বলে পুলিশ জানায়।

গুরুতর আহত রবিউল ইসলামকে রংপুর নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ