ময়মনসিংহের নান্দাইলে ঈদের জামাতে ইমামতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার আঁচারগাও ইউনিয়নের চাঁনপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠে ঘটে যাওয়া এ ঘটনায় কমপক্ষে ১৩ জনকে দুপুরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় চাঁনপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠের ইমামতির জন্য একদল মুসল্লি মাওলানা আফতাব উদ্দিনকে এবং অন্যপক্ষ মাওলানা ওমর ফারুককে মনোনীত করে।
এ বিরোধের জের ধরেই দুইপক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধ-শতাধিক লোক আহত হন।
এর মধ্যে মারাত্মক আহত ১৩ জনকে দুপুরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-আনোয়ার হোসেন (৪৫), স্বপন মিয়া (৩৫), মতিউর রহমান (৩৬), কাঞ্চন মিয়া (৩০), লাল মিয়া (৪২), তাহের উদ্দিন (৬০), জামাল উদ্দিন (৪৬), আ. লতিফ (৪৬), সুলতান মিয়া (৩৪), আলমগীর হোসেন (২০), কাঞ্চন (২৭), রফিকুল ইসলাম (২৫) ও তৌহিদুল ইসলাম (২২)।
সংর্ঘষের সময় এক পক্ষ অপর পক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান নান্দাইলের আঁচারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
এ ব্যাপারে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





