নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে আট পিস শটগানের গুলিসহ রফিক মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উপজেলার মাসদাইর গাবতলীর নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। আটক রফিক মিয়া উত্তর মাসদাইর গাবতলীর মৃত হাসান আলীর ছেলে।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, রফিক মিয়া ও তার বোনজামাই আব্দুল করিম বাবু মাসদাইর গাবতলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। এ সংবাদের ভিত্তিতে রফিকের বাড়িতে অভিযান চালিয়ে আট পিস শটগানের গুলি উদ্ধার করা হয়।
রফিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই এনায়েত কবির।
কেএইচ





