ঈদ উপলক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। খুশির ঈদে পুরো জাতি একটি উৎসবমুখর দিন অতিবাহিত করছে। রমজানের একমাস সিয়াম সাধনা শেষে আজ মঙ্গলবার ঈদ-উল-ফিতরের উৎসবে মেতেছে গোটা দেশ।

ঈদের দিন রাজধানী ঢাকার অদূরে সাভারের বিনোদন কেন্দ্র ও থিম পার্কগুলো দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ততা কমে এলেও বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় থাকে প্রতিবছরই। ঈদের দিন শিশু-কিশোর আর তরুণ-তরুণীদের আনাগোনা ছিল লক্ষণীয়। বিনোদন কেন্দ্র আর উদ্যান মুখরিত ছিল মানুষের কোলাহলে। নগরীর উদ্যানগুলোতে ছিল উপচেপড়া ভিড়। নগরীর পার্ক ও সংলগ্ন এলাকাগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তার পাশাপাশি ছিল পুলিশি নিরাপত্তা।

রাজধানীর হাতিরঝিল, কুড়িল ফ্লাইওভার, শিশুপার্ক, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, শ্যামলী শিশুমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জাতীয় জাদুঘর, ধানমণ্ডি লেক, রবীন্দ্র সরোবর এলাকায় অন্যরকম আমেজ লক্ষ্য করা গেছে। এসব এলাকায় ঘুরতে আসা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের দিন যানজট ছাড়া ঘুরতে ভালো ঢাকার আশে পাশের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী দর্শনার্থীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ছুটে এসেছেন কিছুটা আনন্দময় সময় কাটাতে।

ঈদকে ঘিরে জেগে উঠেছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জগতও। তাই নানা রঙে এই ঈদ উৎসবকে রাঙিয়ে নিতে বিনোদন আয়োজনেরও কমতি ছিল না। আবার কেউ কেউ তাদের নিজেদের সামর্থ অনুযায়ী খুঁজে নিয়েছেন জাতীয় শহীদ স্মৃতি সৌধকে।

দেশের একমাত্র থিম পার্ক আশুলিয়ার ফ্যান্টাসী কিংডম,নন্দন পার্ক এবং মিনি চিড়িয়াখানায় নেমেছে লাখো দর্শনার্থীর ভিড়। এখানকার নতুন রাইডসহ প্রতিটি রাইড কানায় কানায় পরিপূর্ণ। বিভিন্ন বয়সীরা উপভোগ করছেন তাদের পছন্দসই এসব রাইড। সব রাইডগুলোর মাঝে যেন ওয়াটার কিংডমে ছিল উপচে পড়া ভিড়। নগর জীবনের কোলাহল থেকে একটু বিনোদনের আশায় পরিবার নিয়ে অনেকেই ছুটে এসেছেন এসব বিনোদন পার্কে। এখানে ছুটে আসা দর্শনার্থীদের নিরাপত্তা ও তাদের বিনোদনের পরিবেশ বজায় রাখার দিকে নজরদারী বাড়ানোর কথা জানালেন আয়োজকরা। ঈদের এই অনাবিল আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে। আনন্দময় পরিবেশ বয়ে আনবে। এমনটাই সকলের প্রত্যাশা।

ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই