গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের হেফাজতে থাকা দুই আসামি পালিয়ে গেছে।
বৃহস্পতিবার ভোরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন ওই দু’জন পালিয়ে যান।
পালিয়ে যাওয়া আসামিরা হলেন, মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের ইস্রাফিল শেখের ছেলে রফিকুল শেখ (২৩) ও একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সেকাম শেখের ছেলে ফয়জুল শেখ (৪২)।
কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন আইচ জানান, সম্প্রতি কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চুরি হয়। এই ঘটনায় মামলার পর গত সোমবার ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ ফয়জুল হক ও রফিকুল শেখকে গ্রেফতার করা হয়।
ওই দিন রাত ৮টার দিকে তাদেরকে থানায় নিয়ে আসার পথে কোটালীপাড়ার কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে দুর্বৃত্তরা তাদের ছিনিয়ে নেওয়ার জন্য হামলা চালায়। হামলায় পুলিশের সহকারী এএসআই পলাশ ও কনস্টেবল সুশীলসহ ওই দুই আসামি আহত হন। তাদেরকে পরের দিন মঙ্গলবার চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার ভোরে কর্তব্যরত কনস্টেবল তানভির আহম্মেদকে আসামিরা চেতনানাশক কিছু খাইয়ে হাতের হ্যান্ডক্যাপ খুলে পালিয়ে যায়। বর্তমানে ওই কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার এসএম এমরান হোসেন বলেন, আসামি পালানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কোনো দায়িত্বে অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পলাতক আসামিদের ফের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
কেএইচ





