চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় ২ ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার ধাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে শিবগঞ্জ ধাইনগর সড়ক দিয়ে এক মোটরসাইকেল আরোহী যাওয়ার সময় ২ ব্যক্তি ওই আরোহীকে ফেলে দেন।

এ সময় মোটরসাইকেল আরোহী চিৎকার শুরু করলে ২ ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সন্দেহ হয়। তারা ধাইনগর মহানন্দা নদীর ঘাটে ওই ২ ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ