রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় মো. হাফিজ (৩৫) নামের এক ফল ব্যাসায়ীকে কুপিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছ।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত হাফিজের আত্মীয় জাকির হোসেনের বরাত দিয়ে মোজাম্মেল হক জানান, শুক্রবার রাত ১২টার দিকে হাফিজ খিলগাঁওয়ে ফলের দোকান থেকে এক লাখ টাকা নিয়ে বাসাবো আহমেদনগরে নিজ বাসায় ফিরছিলেন। ওই সময়ে খিলগাঁও রেলগেট এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। প্রথমে টাকার ব্যাগ চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এসময় হাফিজের ঘাড়ে ও বামহাত কুপিয়ে সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকে ভর্তি করে।

এ ব্যাপারে খিলগাঁও থানায় যোগাযোগ করা হলে এসআই আজিজুর রহমান জানান, টাকা ছিনতাইয়ের খবর পেয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ভুক্তভোগী অভিযোগ করলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ