ছত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৩৬তম বিসিএসসহ আগের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, প্রতারণা, জালিয়াতি, দুর্নীতি ও অসদাচরণের জন্য ১৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এছাড়া সাধারণ প্রার্থী হয়েও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদন করে সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত ফি জমা না দেওয়ার দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসসি।

অন্যদিকে ভুলে উপজাতি/প্রতিবন্ধী কোটায় আবেদন করে পরে কমিশনে দরখাস্ত দেওয়ায় ২৯ জনকে নতুন করে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে।

এসব প্রার্থীকে আগের রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত প্রবেশপত্র ফেরত দিয়ে নতুন রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে।

আগামী ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেশের ১৬২টি কেন্দ্রে ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এতে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন অংশ নেবেন।

এরই মধ্যে বিসিএস প্রিলিমিনাতে ক্যালকুলেটরের পাশাপাশি সব ধরনের ঘড়ি ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে পিএসসি। কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিয়েও পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

৩৬তম বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এমএইচ