আমরা ব্যথিত - আমরা বিক্ষুব্ধ - আমরা লজ্জিত ! উদ্বেগ - উৎকণ্ঠার সঙ্গে আজ শিশুরা এক ভীতিকর পরিবেশে বড় হচ্ছে। এমন বাংলাদেশ আমরা চাইনা, এমন পরিবেশ আমরা চাই না, আমরা চাই শিশুর হাসিতে সুখী সুন্দর মানবিক বাংলাদেশ। আনন্দময় শৈশব চায় কেন্দ্রীয় খেলা ঘর।

শনিবার (১৩জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় খেলাঘর আয়োজিত শিশু-কিশোরদের উপর চলমান নির্যাতন নিপীড়ন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলা হয়।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক পান্না কায়সারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সামিয়ার বাবা আব্দুস সালাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য কামাল চৌধুরী, নুরুর রহমান সেলিমসহ প্রমুখ।

সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মনে সকলকে জানাচ্ছি - বাংলাদেশে শিশুর প্রতি পাশবিক হিংস্রতা বেড়েই চলেছে। নিরাপত্তা নেই কোথাও! বেড়ে চলেছে অপহরণ - পাচার - নিযতিন - ধর্ষন - নৃশংস হত্যা। নির্মমতার শেষ নেই! আদরের সন্তান , শিক্ষার্থী , শিশু গৃহকর্মী , পথশিশু থেকে শুরু করে কর্মজীবী শিশু সবাই আজ বাংলাদেশে নৃশংসতা , নির্মমতা , হত্যা ধর্ষনের শিকার হচ্ছে।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক পান্না কায়সার বলেন, বাংলাদেশের সকল শিশু - কিশােরদের পক্ষে খেলাঘর আজ রাজপথে নেমেছে। সিশুদের সুস্থ পরিবেশে - সুন্দর ভাবে বাঁচার অধিকার আছে। শিশু - কিশােররা আজ নিরাপত্তা চায়, মায়ের আদর - বাবার স্নেহ , গুরুজনদের যত্নে মানুষের মত মানুষ হতে চায়। আদর্শ নাগরিক হতে চায়। আমাদের দাবী , শিশু - কিশােরদের উপর সকল ধরনের নির্মমতা বন্ধ করতে হবে। কঠোর আইন ও আইনের যথাযথ প্রয়ােগ চাই। শিশু পাচার শিশু নির্যাতন - নিপীড়ন , ধর্ষন , নৃশংস হত্যাকান্ডের দ্রুত বিচার করতে হবে। ফুটফুটে শিশু সায়মা সহ সকল শিশু ধর্ষন - হত্যাকারীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই। আমাদের আকুল আবেদন, শিশুদের সুস্থ পরিবেশে বেড়ে উঠার সুযােগ দিন।

নিহত শিশু সায়মার বাবা বলেন, শিশু কিশোরদের উপর নির্যাতনের বিরুদ্ধে সকল রাস্তায় নেমে আসতে হবে। সকল সচেতন মানুষ একজোট হলে এমন জঘন্য কাজ আর করতে পারবে না।

এসএম/জেড