রাজবাড়ী দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চের এক যাত্রী নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার রাত আটটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোয়ালন্দ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আটটার দিকে পাটুরিয়া থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে এমভি রোনা নামে একটি লঞ্চ দৌলতদিয়া যাচ্ছিল।

এদিকে দৌলতদিয়া থেকে ছেড়ে যায় এমভি পর্বত। ৩ নং ফেরিঘাট এলাকায় পৌঁছালে লঞ্চ দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমভি রোনার রেলিং ভেঙ্গে যায় এবং আব্দুল হামিদ (৩০) নামে এক যুবক নিহত ও পাঁচ যাত্রী আহত হন।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ