১৫ ঘণ্টা পর চাঁদপুরের হাইমচর এলাকার মেঘনা নদীতে ডুবোচরে আটকে পড়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে বিকল্প একটি লঞ্চ রফ রফ-২ ও বিভিন্ন ট্রলারে করে যাত্রীদের চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়েছে। তবে লঞ্চটি ডুবোচরেই আটকে আছে।
শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি সাত্তার খান-১ নামের যাত্রীবাহী লঞ্চটি ওই ডুবোচরে আটকা পড়ে। তাই খাবার না পেয়ে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তবে এদের মধ্যে বেশির ভাগ বয়স্ক ও শিশুরা রয়েছে।
চাঁদপুরের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক মোবারক হোসেন বলেন, যাত্রীদের বিকল্প একটি লঞ্চ ও বিভিন্ন ট্রলারে করে উদ্ধার করে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আনা হয়েছে। ঢাকা থেকে আসা একটি লঞ্চে করে যাত্রীদের পটুয়াখালী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আটকে থাকা লঞ্চে প্রায় ৮০০ যাত্রী ছিল বলে তিনি জানান।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





