ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিপ্লব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বিপ্লবের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে নগরীর মাসকান্দা গনশার মোড় এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশ বলেন, বিপ্লব শহরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিলেন। তিনি ১০-১২টি মামলার আসামি। বিপ্লবের মৃতদেহ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন, ২০০টি ইয়াবা, তিনটি গুলির খোসা এবং ২টি ছুরি উদ্ধার করা হয়।
আজ রোববার ভোরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, বন্দুকযুদ্ধের সময় পুলিশ কনস্টেবল রাশেদুল ও কাওছার আহত হন। তাঁদের ময়মনসিংহ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, রমজান মাসে শহরে মাদক ছড়িয়ে দিতে মাদকের চালান ভাগাভাগি করছিলেন বিপ্লব ও তাঁর সহযোগীরা। খবর পেয়ে রাত সোয়া ২টায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চরপাড়া এলাকার গনশার মোড়ে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় বিপ্লব গুলিবিদ্ধ হন এবং অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। আহত বিপ্লবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এএস





