কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী মণ্ডল (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

গতকাল (২৫ জুলাই) শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দৌলতপুর উপজেলার ডাংমড়কা সেন্টারমোড় এলাকায় আবুল কালাম আজাদের ইটভাটার নিকটে এই ঘটনা ঘটে।

নিহত কুদরত আলী মণ্ডলের বাড়ি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ডাংমড়কা সেন্টারমোড় এলাকার আবুল কালাম আজাদের ইটভাটায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়।

এই ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দৌলতপুর থানার ওসি জানান।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগজিন, একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) ও ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নিহত কুদরত আলীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে অন্তত ছয়টি মামলা রয়েছে।

এমবি