খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম তাজুকে একই অভিযোগে দ্বিতীয় বারের মতো বহিস্কার করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার কর্তৃক ২২ জানুয়ারি স্বাক্ষরিত এক পত্রে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা (সংশোধিত) এর ১৩খ (১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার মামলা নং ৩ (তারিখ ০৫.০১.২০১৫) ও মামলা নং ৪ (তারিখ ০৬.০১.২০১৫) এর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে বলেও পত্রে উল্লেখ করা হয়।
এর আগে একই অভিযোগে ২০১৬ সালের ১৬ অক্টোবর সাময়িক বহিষ্কার করা হয় মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজুকে। একই বছরের ৬ নভেম্বর বিচারপতি মো: কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফ এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দৈত বেঞ্চ বহিস্কার আদেশেরর উপর ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন।
বহিষ্কারাদেশ স্থগিত হওয়ার ২ মাস ১৭ দিনের মাথায় ফের দ্বিতীয় বারের মতো একই অভিযোগে বহিষ্কার হওয়ার ঘটনায় মাটিরাঙ্গার সচেতন মহলে নানামুখী আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
এদিকে এ বিষয়ে যোগাযোগ করা হলে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সদ্য বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু বহিষ্কারাদেশ দিয়ে নোটিশ প্রদানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে জানান।
আবু বকর/নাজিব





